আ.লীগের শোকসভায় দু’পক্ষে গোলাগুলি

চট্টগ্রামে আওয়ামী লীগের আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় দুই পক্ষে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে ৪ জন।

সোমবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে চন্দনাইশ উপজেলার হাশিমপুর এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে নাম জানা তিনজন হলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী জুনু, ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর লোকমান হাকিম ও যুবলীগ নেতা নুরুল আমিন। পরে কমিউনিটি সেন্টারে ভাঙচুর করে ছাত্রলীগের একাংশ। ইউনিয়নটিতে ছাত্রলীগের বিবদমান দু’গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বিকালে হাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভা শুরু হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক বাবুল সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

অনুষ্ঠানের সভাপতি মাহমুদুল হক বাবুল বক্তব্য দেয়ার সময় ইউনিয়নটির পদবঞ্চিত ছাত্রলীগের নেতারা হামলা চালায়। এতে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছেন, সংঘর্ষের সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। পরে চন্দনাইশ থানার ওসি নাসির উদ্দিন সরকারের নেতৃত্বে পুরিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওসি নাসির উদ্দিন সরকার সংবাদ মাধ্যমকে বলেন, ‘ইউনিয়ন আওয়ামী লীগ একটি আলোচনা সভার আয়োজন করে। সভার শেষ পর্যায়ে ছাত্রলীগের একটি গ্রুপ সভাস্থলে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে কয়েকজন সামান্য আহত হয়েছেন।’

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর