আলফাডাঙ্গায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা বই বিতরণ

ফরিদপুরের আলফাডাঙ্গায় শতাধিক শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা নামে দু’টি বই বিতরণ করা হয়েছে।

সোমবার (৩০ আগস্ট) বিকালে উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের ধুলজুড়ী শেখ রাসেল স্মৃতি পাঠাগার প্রাঙ্গণে আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব বই বিতরণ করা হয়।

এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি পাঠ করে শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন এবং মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ও দেশের ইতিহাস পড়ে সমৃদ্ধ হবে। ভাষা আন্দোলন থেকে ধাপে ধাপে স্বাধীনতা অর্জনের
সোপানগুলি যে কত বন্ধুর পথ অতিক্রম করে এগুতে হয়েছে তার কিছুটা ‘কারাগারের রোজনামচা’ বই পড়ে জানা যাবে।শিক্ষার্থীদের বিতরণকৃত বই দু’টি মনোযোগ দিয়ে পড়লে দেশপ্রেমে উজ্জীবিত হবে বলেও বক্তারা আশা প্রকাশ করেন।

সভা শেষে দোয়া মাহফিলে ১৯৭৫ সালের ১৫ আগস্টে শহীদ বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সকল সদস্যের আত্মার মাগফিরাত কামনা করে এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসাবে সার্বিক সহযোগিতায় ছিলেন ‘হৃদয়ে আলফাডাঙ্গা’ গ্রুপ। এসময় হৃদয়ে আলফাডাঙ্গা গ্রুপের পরিচালনা পর্ষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।

শেখ রাসেল স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. মোমিনুর রহমান সবুজের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, ফরিদপুর মুসলিম মিশনের সাধারণ সম্পাদক এম এ আব্দুস সামাদ, সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক অধ্যাপক আব্দুস রশীদ, আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরুল হক সিকদার, বোয়ালমারী মহিলা কলেজের সাবেক গভর্নিং বডির সদস্য জহুরুল ইসলাম, ফরিদপুর মুসলিম মিশন কলেজের সহকারী অধ্যাপক মনিরুল ইসলাম, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি খান আসাদুজ্জামান টুনু, চরনারানদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিটলার রহমান খান, চরনারানদিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইয়াছিন মোল্যা, রূপক কুমার মিত্র প্রমুখ।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর