ময়মনসিহের ঈশ্বরগঞ্জে সরকার নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর এক সদস্যকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। তিনদিনের রিমান্ড শেষে গতকাল সোমবার দুপুরে পুলিশ আদালতের মাধ্যমে জঙ্গি সদস্যকে কারাগারে পাঠায়।
পুলিশ জানায়, ঈশ্বরগঞ্জ পৌরসভার চরহোসেনপুর গ্রামের বিজিবি সদস্য আব্দুল মজিদ আকন্দের ছেলে আব্দুল্লাহ আল মামুন (২০)। তিনি ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইম এশিয়ায় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ তৃতীয় বর্ষে পড়ালেখা করছেন। মোবাইল ফোনে অ্যাপ টেলিগ্রামের মাধ্যমে মাত্র দেড় মাস আগে যুক্ত হন মামুন যুক্তহন জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলামের সঙ্গে।
একজনের আইডি থেকে তাকে পিডিএফ ফাইলে ৭টি বই পাঠানো হয়। বই গুলো পড়ার পর তাকে সংগঠনের হয়ে কাজ করতে উদ্বুদ্ধ করে সদস্য বাড়াতে বলা হয়। নিজেও ইতোমধ্যে দলে সদস্য সংগ্রহ কাজ শুরু করেন।
র্যাব-১০ গত ২৫ আগস্ট তথ্য পায় সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলামের’ কিছু সদস্য নাশকতা সৃষ্টির লক্ষে জমায়েত হয়ে পরিকল্পনা করছে। ২৬ আগস্ট ভোর সাড়ে ৪ টায় র্যাবের দলটি ঘটনাস্থলে অভিযান চালিয়ে আটক করে মামুনকে।
ওই সময় পালিয়ে যায় আরও অন্তত ৪ জন। ওই সময় মামুনের কাছ থেকে একটি মোবাইল ফোন ও ৭টি উগ্রবাদী বই উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাব-১০ এর এসআই মো. আবদুর রাজ্জাক বাদি হয়ে ২৬ আগস্ট ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা করেন। ওই মামলায় পুলিশ শুক্রবার মামুনকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে ৩ দিনের রিমান্ড মঞ্জুর হয়।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের মিয়া বলেন, তিন দিনের রিমান্ডে আসামির কাছ থেকে অনেক তথ্য পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আমাদের কাজ চলছে। প্রয়োজন হলে আবারও রিমান্ড চাওয়া হবে।
আরিফুল হক/বার্তা বাজার/টি