চন্দ্রিমায় জিয়ার কবর থাকলে নাকে খত দিবো: মুক্তিযোদ্ধামন্ত্রী
চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবর থাকলে নাকে খত দিয়ে জাতির কাছে ক্ষমা চাইবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
তিনি বলেন, যদি চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবর থাকে তাহলে নাকে খত দিয়ে জাতির কাছে ক্ষমা চাইব। আমি যদি মিথ্যা বলে থাকি তাহলে যেকোনো দণ্ড আমি মাথা পেতে মেনে নেবো। আমি চ্যালেঞ্জ করছি, সেখানে তার (জিয়াউর রহমান) মরদেহ নেই।
সোমবার (৩০ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধ প্রজন্ম কেন্দ্রীয় সংসদ আয়োজিত ‘বঙ্গবন্ধুর আদর্শ হত্যা রোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, পরশু বিএনপির মহাসচিব বলেছেন, জিয়াউর রহমানের মরদেহ মানুষ দেখিয়ে দিয়েছে এবং তারা তা খুঁজে পেয়েছেন। আমি তাকে অভিবাদন জানাই, জাতির কাছে এ বিষয়ে কথা বলেছেন।
মুক্তিযোদ্ধামন্ত্রী বলেন, এখন তাকে জবাব দিতে হবে সেই মরদেহের ছবি কোথায়? সাধারণ মানুষেরও তো ছবি থাকে। আর তিনি তো রাষ্ট্রপতি, রাষ্ট্রীয় শিষ্টাচার অনুযায়ী তাদের সবকিছুর ছবি ধারণ করা থাকে। জিয়াউর রহমানের মরদেহ পেলেন, এখন দয়া করে ছবিটা দেখান।
তিনি বলেন, চন্দ্রিমা উদ্যানে কবর কার, আমার মতে এটা কোনো মতেই জিয়ার কবর নয়। যদি তাই হয় তাহলে প্রমাণ করুন। যদি সেখানে কবর থাকে তাহলে সেটা ডিএনএ টেস্টের মাধ্যমে প্রমাণ করুন।
বার্তা বাজার/নব