মাঝ আকাশে হার্ট অ্যাটাক, না ফেরার দেশে ক্যাপ্টেন নওশাদ
মাঝ আকাশে হার্ট অ্যাটাকের শিকার হওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইউম আর নেই। ভারতের নাগপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সোমবার (৩০ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ পাইলট অ্যাসোসিয়েশনের (বাপা) সভাপতি ক্যাপ্টেন মাহবুবুর রহমান।
তিনি জানান, দুপুরে হাসপাতালের একটি সূত্র তাকে ফোন দিয়ে ক্যাপ্টেন নওশাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। বেলা ১১টায় ক্যাপ্টেন নওশাদের মৃত্যু হয়। তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।
গত শুক্রবার (২৭ আগস্ট) ওমানের মাস্কট বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়া বাংলাদেশে বিমানের ফ্লাইটটি পরিচালনার দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন নওশাদ। ঢাকায় আসার পথে হঠাৎ হার্ট অ্যাটাক হয় তার। পরে ভারতের নাগপুর এয়ারপোর্টে বিমানটি জরুরি অবতরণ করা হয়।
হার্ট অ্যাটাকের শিকার হওয়ার পরও দক্ষতার সাথে ফ্লাইটটিকে নিরাপদে জরুরি অবতরণ করাতে সক্ষম হন ক্যাপ্টেন নওশাদ। শনিবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
ক্যাপ্টেন নওশাদকে এর আগেই ‘ক্লিনিক্যালি ডেড’ ঘোষণা করা হয়। তবে স্বজনরা লাইফ সাপোর্ট খুলে দিতে রাজি হচ্ছিলেন না। এরপর সোমবার হাসপাতাল কর্তৃপক্ষ তার লাইফ সাপোর্ট খুলে দিয়ে তাকে মৃত ঘোষণা করে।
বার্তা বাজার/নব