বিএনপি ক্যাম্পাসকে অস্থিতিশীল করার নোংরা রাজনীতি করছে: সেতুমন্ত্রী

বিএনপি ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার নোংরা রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, করোনাভাইরাসের ক্ষতি কাটিয়ে শিক্ষাকার্যক্রম এগিয়ে নিতে যখন ছাত্র-শিক্ষকরা প্রস্তুতি নিচ্ছে তখন বিএনপি ঠুনকো অজুহাতে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার নোংরা রাজনীতি করছে।

সোমবার (৩০ আগস্ট) ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এ কথা বলেন।

তিনি বলেন, আমরা আগেই ধারণা করেছিলাম ক্যাম্পাসগুলো উত্তপ্ত করতে ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে। সাম্প্রদায়িক দানবদের সঙ্গে নিয়ে বিএনপি অতিদানবীয় অপতৎপরতা চালাচ্ছে। পরাশ্রয়ী আন্দোলন নির্ভর বিএনপি দেশের বিদ্যমান স্থিতি নষ্ট করতে নানামুখী তৎপরতা অব্যাহত রেখেছে।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ জনমানুষের অর্থনৈতিক মুক্তি এনে দিয়েছে। অন্যদিকে বিএনপি এনে দিয়েছিল পরনির্ভরতার শৃঙ্খল।

তিনি বলেন, সম্প্রতি চন্দ্রিমা উদ্যানে বিএনপির কর্মসূচিতে পুলিশ সহযোগিতা করতে চেয়েছিল। কিন্তু তারা কোনো আইন-কানুনের তোয়াক্কা না করে সংঘাতের মাধ্যমে পানি ঘোলা করার অপচেষ্টা করতে চেয়েছিল।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, আওয়ামী লীগ শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাসী। সরকার সব সময় শান্তিপূর্ণ কর্মসূচির পক্ষে এবং শান্তিপূর্ণ কর্মসূচিতে সহযোগিতা করে আসছে, ভবিষ্যতেও করবে। কিন্তু কর্মসূচিতে সন্ত্রাস ও নৈরাজ্যের উপাদান যুক্ত হলে জনস্বার্থে আইন প্রয়োগকারী সংস্থাকে পদক্ষেপ নিতে হয়।

শীত-গ্রীষ্ম পেরিয়ে এখন বিএনপি শরতে এসে সরকার হটানোর দিবা স্বপ্ন দেখছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর