‘জিয়ার মরদেহ নিয়ে শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা করছেন ফখরুল’

জিয়াউর রহমানের মরদেহ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, অন্যান্য প্রশ্নের মত জিয়াউর রহমানের মরদেহ নিয়েও প্রশ্নের উত্তর দেননি বিএনপি মহাসচিব। প্রশ্নের মূল প্রসঙ্গে এড়িয়ে সামঞ্জস্যহীন উত্তর দেন তিনি।

কাদের বলেন, মির্জা ফখরুল সাহেব বলেছেন, জিয়াউর রহমানের মরদেহ নাকি জেনারেল এরশাদ বহন করেছেন। তিনি এ ধরণের উত্তর দিয়ে শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা করছেন। এরশাদ কফিন বহন করেছেন ঠিকই কিন্তু ভেতরে জিয়ার লাশ আছে এই কথা কখনো বলেননি।

সোমবার (৩০ আগস্ট) সকালে ওবায়দুল কাদের তার নিজ বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এ মন্তব্য করেন।

এরপর তিনি মির্জা ফখরুলের কাছে জানতে চান, জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর চট্টগ্রাম সার্কিট হাউস থেকে তার মরদেহ কে রাঙ্গুনিয়া পাহাড়ে নিয়ে গিয়েছিল?

ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক দানবদের সঙ্গে নিয়ে বিএনপি অতিদানবীয় অপতৎপরতা চালাচ্ছে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ জনমানুষের অর্থনৈতিক মুক্তি এনে দিয়েছে। অন্যদিকে বিএনপি এনে দিয়েছিল পরনির্ভরতার শৃঙ্খল।

পরাশ্রয়ী আন্দোলন নির্ভর বিএনপি দেশের বিদ্যমান স্থিতি নষ্ট করতে নানামুখী তৎপরতা অব্যাহত রেখেছে বলেও মন্তব্য করেন তিনি।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর