খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে খুলনা বিভাগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ হাজার ৯৯৪ জনে। গতকাল ৯ জনের মৃত্যু হয়েছিল।
একই সময়ে আরও ২৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ বিভাগে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৮ হাজার ৭৫১ জনের। গতকাল করোনা শনাক্ত হয়েছিল ২২৬ জনের।
সোমবার (৩০ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনায় একজন, যশোরে একজন, মাগুরায় একজন, ঝিনাইদহে একজন ও চুয়াডাঙ্গায় একজন মারা গেছেন।
উল্লেখ্য, গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগের চুয়াডাঙ্গায় প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। এ বিভাগে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৬ হাজার ৯৩৯ জন।
বার্তা বাজার/নব