‘ডিএনএ টেস্ট করলেই জিয়ার মরদেহ নিয়ে বিতর্ক শেষ হবে’

চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মরদেহ আছে কিনা এ বিতর্কের অবসানের জন্য জিয়ার মরদেহের ডিএনএ টেস্ট করার প্রস্তাব দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান।

তিনি বলেন, ডিএনএ টেস্ট করলেই চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের মরদেহ নিয়ে বিতর্ক শেষ হবে। ডিএনএ টেস্ট করলেই প্রমাণ পাওয়া যাবে।

রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় জাতীয় শোক দিবস উপলক্ষে আশুলিয়া প্রেসক্লাব অডিটোরিয়ামে গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের উদ্যোগে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, জিয়াউর রহমানের মরদেহ নিয়ে আজ বিতর্ক হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, চন্দ্রিমা উদ্যানে জিয়ার মরদেহ নেই। একটা দেশের সরকারপ্রধান যখন বলেন, তিনি না জেনে এ কথা বলতে পারেন? আমি মনে করি না। তার উপর তিনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তিনি তথ্য না জেনে এ কথা বলেননি।

তিনি আরও বলেন, যদি আজ এটা প্রমাণ করতে চান তাহলে প্রমাণ করেন। ডিএনএ টেস্ট করলেই প্রমাণ পাওয়া যাবে। এই প্রশ্নটা আগেও উঠেছিলো। তাহলে এই মরদেহটা কার? কেউতো মরদেহ দেখেনি। তার ছেলে, স্ত্রী কেউ মরদেহ দেখেনি। কোনো মানুষ দেখেনি। তাহলে মরদেহটা কার?

যখন চন্দ্রিমা উদ্যানে কবর দেওয়া হয়েছিলো তখন থেকেই এই প্রশ্ন এসেছিলো বলেও জানান শাহজাহান খান।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর