আফগানিস্তানের কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে আবারও রকেট হামলা চালানো হয়েছে। মার্কিন সেনা প্রত্যাহারের শেষ সময়ে এ হামলার ঘটনা ঘটেছে।
সোমবার (৩০ আগস্ট) সকালে কাবুল বিমানবন্দরে একাধিক রকেট ছোড়া হয়। বিমানবন্দরের কাছে কাবুলের লাব-এ জার স্কোয়ারে একটি গাড়ি থেকে রকেটগুলো ছোড়া হয় বলে জানা গেছে।
তবে বিমানবন্দরের বিশেষ এয়ার ডিফেন্স সিস্টেম রকেটগুলো ধ্বংস করতে সক্ষম হয়েছে। এ হামলায় এখন পর্যন্ত বড় ধরণের ক্ষয়ক্ষতি ও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে হামলার ব্যাপারে বিমানবন্দরে নিযুক্ত এক মার্কিন কর্মকর্তা জানান, উগ্রবাদী সংগঠন আইএস এই হামলা চালাতে পারে। তবে সতর্কতার জন্য এখনই এটি নিশ্চিত করতে পারছেন না তিনি।
আগামীকাল ৩১ আগস্ট আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের কার্যক্রম শেষ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এখনো মার্কিন বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বিমানবন্দরের ভেতরের এলাকা।
বার্তা বাজার/নব