মহামারি করোনা মোকাবিলায় যুক্তরাষ্ট্রের উপহারের আরো ১০ লাখ ডোজ ফাইজারের টিকা দেশে আসছে।
সোমবার (৩০ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট টিকাগুলো নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার যুক্তরাষ্ট্র থেকে উপহারের আরো ১০ লাখ ডোজ ফাইজারের টিকা আসবে। টিকাগুলো সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
এসময় বিমানবন্দরে উপস্থিত থেকে টিকাগুলো গ্রহণ করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলার।
গত সোমবার (২৩ আগস্ট) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে ফাইজারের আরও ৬০ লাখ টিকা আসবে। এরই অংশ হিসেবে আজ ১০ লাখ ডোজ টিকা দেশে আসছে।
এর আগে গত ৩১ মে যুক্তরাষ্ট্রের দেয়া ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকার প্রথম চালান দেশে আসে।
বার্তা বাজার/নব