নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের পাশের সড়কে অজ্ঞাত দুর্বৃত্তদের ছুরিকাঘাতে লিটন নামে এক শ্রমিক খুন হয়েছে। এ কারণ উল্লেখ করে ২০ জনের বিরুদ্ধে মামলা করেছে নিহতের স্ত্রী শিখা রানী।
রোববার (২৯ আগস্ট) দুপুরে ফতুল্লা মডেল থানায় এ মামলা দায়ের করা হয়।
নিহত লিটন হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানার পাহাড়পুর গ্রামের গৌরমনির ছেলে। তারা স্বামী স্ত্রী ফতুল্লার লালখাঁ সামসুজ্জামানের বাড়ির ভাড়াটিয়া।
মামলায় উল্লেখ করা হয়েছে, লিটন ও তার স্ত্রী শিখা রানী খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের কাছে একটি বাল্ব কারখানায় হেলপার পদে কাজ করেন। শনিবার (২৮ আগস্ট) ডিউটিরত অবস্থায় সহকর্মী মান্না দাস আরেক সহকর্মী সজিব দাসকে বেঁটে বলায় কারখানার ভিতরেই দুজনের তর্কবিতর্কসহ মারধরের ঘটনা ঘটে।তখন মালিকপক্ষ তাদের শান্ত করে কাজে নিয়োজিত করেন।
রাত ১০টায় কারখানা ছুটির হলে শিখা রানী বাসায় চলে যায়। তাকে ফোন করে তার স্বামী লিটন জানায় সহকর্মী অশিত সূত্র ধরকে সঙ্গে নিয়ে বাসায় আসবে।
রাত সোয়া ১০টার সময় মান্না দাস ও সজিব দাস সন্ত্রাসী ভাড়া করে খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের পাশে কাঠেরপুল সড়কে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই সময় দুই গ্রুপের সংঘর্ষের মাঝখানে পড়ে ছুরিকাঘাতে লিটন ঘটনাস্থলেই মারা যায়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান,এ ঘটনায় ৪ জনের নাম উল্লেখ করে ২০ জনের বিরুদ্ধে মামলা করেছে শিখা রানী। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বার্তা বাজার/এসবি