মধ্য আকাশে থাকার সময় বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি ফ্লাইটের ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম অসুস্থ হয়ে পড়েন। তাকে ভারতের নাগপুরে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি ক্লিনিক্যালি ডেড বলে রোববার (২৯ আগস্ট) জানিয়েছেন বিমানের সিনিয়র পাইলট ক্যাপ্টেন শোয়েব চৌধুরী।
এদিকে ক্যাপ্টেন নওশাদের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি সূত্র জানাচ্ছে, নাগপুরের হোপ হাসপাতালে কোমায় থাকা ক্যাপ্টেন নওশাদ ক্লিনিকালি ডেড। হাসপাতাল কর্তৃপক্ষ তার লাইফ সাপোর্ট খুলে দিতে অনুমতির অপেক্ষা করছে।
কিন্তু পাইলটের আত্মীয়-স্বজন এখনই লাইফ সাপোর্ট খুলে দিতে চাচ্ছেন না। তাদের দাবি, নতুন করে মেডিকেল বোর্ড বসানো হোক। পরীক্ষা নিরীক্ষার পর তারাই সিদ্ধান্ত দিক। আত্মীয়-স্বজনদের এ দাবিতে বিমান কর্তৃপক্ষেরও সায় রয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পাইলট অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন মাহবুবুর রহমান জানিয়েছেন, পরিবারের সাথে আগে কথা বলতে হবে। এর পর তার (ক্যাপ্টেন নওশাদ) ভেন্টিলেশন সাপোর্ট খুলে নেওয়ার ব্যাপারে মেডিকেল টিম সিদ্ধান্ত গ্রহণ করবে।
এর আগে শুক্রবার ওমানের মাস্কারট থেকে বিজি-০২২ ফ্লাইটটি নিয়ে ঢাকায় আসার পথে ভারতের রায়পুরে ক্যাপ্টেন নওশাদ হার্ট অ্যাটাক করেন। শনিবার রাতেই তিনি কোমায় চলে যান।
বার্তা বাজার/এসজে