কুমিল্লার দাউদকান্দি উপজেলায় দাউদকান্দি সার্কেল এর সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ জুয়েল রানা অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার ও ৮১৪ ক্যান বিদেশী বিয়ারসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২৯ আগস্ট) ভোরে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজার থেকে বিয়ার বহনকারী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-২৩-৪৬৬১) জব্দ করা হয়। এসময় আড়াইহাজার থানার জলার পার গ্রামের আসমত আলীর ছেলে মোতালেব (৫০) কে আটক করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে গৌরিপুর বাজারের মাদক সম্রাট সেকান্দর, বশির ও আনোয়ার এই বিপুল পরিমান বিয়ার ফেলে পালিয়ে যায়। আটকৃত মোতালেবকে জিজ্ঞাসাবাদে সে সত্যতা স্বীকার করে। গৌরিপুরের মাদক ব্যবসায়ী সেকান্দর, বশির ও আনোয়ার দীর্ঘসময় ধরে ঢাকা গুলশান ১, হোয়াইট হাউজ নামক মদের দোকান থেকে এই বিদেশী মদ নিয়ে এসে এলাকায় চড়ামূল্যে বিক্রি করে। আটককৃত বিয়ারের বর্তমান বাজারমূল্য প্রায় ১৬ লক্ষ টাকা।
সেকান্দর আলীর গৌরিপুর বাজারে মামা ভাগিনা থাই এলুমিনিয়ামস এন্ড এসএস নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। বশিরও একটি বড় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। তারা এই ব্যবসার অন্তরালে মাদক ব্যবসা চালিয়ে আসছে।
খোঁজ নিয়ে জানা যায়, মাদক ব্যবসার মাধ্যমে রাতারাতি কোটিপতি বনে গেছে তারা। সেকান্দর তার নিজ বাড়ী তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের সাহাপুর গ্রামে ৩ কোটি টাকা খরচ করে গড়ে তুলেছেন আলিশান ত্রিপ্লেক্স বাড়ি। ভিতরে রয়েছে আরো কোটি টাকার আসবাবপত্র। সেকান্দর ও বশিরের দীর্ঘদিনের সহচর আনোয়ার ও মোতালেব তাদের মাদক ব্যবসা পরিচালনায় সার্বিক সহায়তা করে থাকে।
এই অভিযানে উপস্থিত ছিলেন গৌরিপুর তদন্ত কেন্দ্রের এসআই রাজিব সাহা, এএসআই জাহিদুল ইসলাম, কনস্টেবল বিল্লালসহ অন্যান্য পুলিশ সদস্য।
এ বিষয়ে দাউদকান্দি সার্কেল সিনিঃ এএসপি জানান, কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) স্যার এর নির্দেশনা যে কোন মুল্যে মাদক ও মাদক ব্যবসায়ীদের নিশ্চিহ্ন করতে হবে। এই নির্দেশনা মতে আমি নিয়মিত মাদক বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছি। আজ দাউদকান্দি উপজেলার গৌরিপুর বাজারের মাদক ব্যবসায়ী সেকেন্দার ও বশিরের মাদক ব্যবসা গুড়িয়ে দিয়েছি। তাদের বিরুদ্ধে মাদক আইনের মামলা হবে।
জানতে পেরেছি মাদক ব্যবসার মাধ্যমে তারা অবৈধভাবে কোটি কোটি টাকা আয় করেছে। এ বিষয়ে তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং এর মামলা দায়ের করার ব্যবস্থা করা হবে। আমি শপথ করেছি দাউদকান্দি ও চান্দিনার মাদক ও মাদক ব্যবসায়ীর শিকড় উপড়ে ফেলবো। মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
মোঃ আসলাম/বার্তা বাজার/এসজে