সাতক্ষীরায় প্রাইভেটকারে ‘পুলিশ’ স্টিকার লাগিয়ে নকল পুলিশ সেজে ইয়াবা পাচারকালে ৩জনকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার (২৯ আগস্ট) শহরের তালতলা বাজার এলাকায় র্যাব-৬ এর সাতক্ষীরার সদস্যরা তাদেরকে ইয়াবা ও প্রাইভেট কারসহ আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন, সাতক্ষীরার মধ্যকাটিয়ার মাহফুজ আরিফ অপু, বাটকেখালির রায়হান বিপ্লব, গড়েরকান্দার আনিস গাজি।
র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসাইন এক প্রেস ব্রিফিংয়ে বলেন, গোপন সূত্রে খবর পেয়ে র্যাবের একটি দল ‘পুলিশ’ স্টিকার লাগানো প্রাইভেট কারটির পিছু নেয়। আজ সকালে প্রাইভেটকারটি খুলনা অভিমুখে যাওয়ার সময় সাতক্ষীরা শহরের তালতলা এলাকার সুন্দরবন টেক্সটাইল মিলসের কাছে দাঁড় করানো হয়। পরে তল্লাশি করে ওই ইয়াবা জব্দ করা হয়।
তিনি জানান, আটক হয়েও তারা প্রথমে নিজেদের পুলিশের লোক পরিচয় দিচ্ছিল। চ্যালেঞ্জ করা হলে তারা স্বীকার করে যে তারা পুলিশ নয়। চোখ ফাঁকি দেওয়ার জন্য গাড়িতে ‘পুলিশ’ স্টিকার লাগানো হতো। তাদের কাছ থেকে ৩ হাজার ৪ শত ৩০ পিস ইয়াবা জব্দ করা হয়।
তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
মীর খায়রুল আলম/বার্তা বাজার/এসজে