সাতক্ষীরা সীমান্ত দিয়ে স্বর্ণের বার পাচার কালে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। রোববার (২৯ আগস্ট) সাতক্ষীরার তলুইগাছা এলাকা থেকে স্বর্ণের বার সহ তাকে আটক করা হয়।
আটক হওয়া ব্যক্তির নাম বেল্লাল হোসেন। সে সাতক্ষীরা সদর উপজেলার আখড়াখোলা গ্রামের বাসিন্দা। বর্তমানে সে তলুইগাছা এলাকায় শ্বশুর মতিয়ার রহমানের বাড়িতে ঘরজামাই থাকেন।
বিজিবি সূত্রে জানায়, হাবিলদার আহসান হাবিবের নেতৃত্বে একটি টহল দল ভবানীপুর বেড়িবাঁধের ওপর থেকে তাকে স্বর্ণ সহ গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১ কেজি স্বর্ণের বার উদ্ধার হয়। বেল্লাল হোসেন নারী পাচারকারী চক্রের সদস্য। তার বিরুদ্ধে আইনশৃংখলা বাহিনীর খাতায় তালিকাভূক্ত আসামী। সে সাতক্ষীরা সীমান্তের দুর্ধর্ষ চোরাচালানী ও চোরাঘাট মালিক আব্দুল খালেকের ঘনিষ্ঠ সহযোগী বলে স্বীকার করেছে।
এবিষয়ে বিজিবির ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, বেল্লাল কোমরে স্বর্ণ বেঁধে নিয়ে একটি সাইকেল চালিয়ে সীমান্ত পার হবার চেষ্টা করছিল। ঠিক তখন বিজিবি সদস্যরা হাতেনাতে আটক করে।
তার দেহ তল্লাশি করে প্রায় ১ কেজি স্বর্ণ পাওয়া যায়। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা হয়েছে বলে জানান তিনি।
মীর খায়রুল আলম/বার্তা বাজার/এসবি