ডেঙ্গুর নতুন ধরন শনাক্ত, বেশি আক্রান্ত হচ্ছেন ঢাকাবাসী
দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। এবার দেশে ডেঙ্গুর নতুন ধরন শনাক্ত হয়েছে। নতুন ধরনের নাম ডেনভি-৩। ঢাকাবাসী এই ধরনে বেশি আক্রান্ত হচ্ছেন।
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) ২০টি নমুনার জিনোম সিকোয়েন্স করে এ তথ্য জানিয়েছে।
রোববার (২৯ আগস্ট) সকালে বিসিএসআইআরের আইএফআরডি অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে ডেঙ্গু ভাইরাসের জিনোম সিকোয়েন্সিংয়ের তথ্য উন্মোচন অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে গবেষণা প্রতিবেদন তুলে ধরেন সংস্থাটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. সেলিম খান। পরে আলোচনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সাইফুল্লাহ মুন্সি।
তিনি বলেন, ২০১৭ সালে দেশে প্রথম এই ধরন শনাক্ত হয়। ২০১৭ সালের আগে ডেনভি-১, ২-তে আক্রান্ত হয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে অনেকের। কিন্তু ডেনভি-৩ এর বিরুদ্ধে এই ক্ষমতা গড়ে ওঠেনি। যারা আগের দুই ভ্যারিয়েন্টে আক্রান্ত তারা নতুন করে ডেনভি-৩ আক্রান্ত হলে হেমোরেজ বা সংকটাপন্ন অবস্থায় পড়েছে। তাই এবার মৃত্যু বেশি।
তিনি বলেন, বিসিএসআইআরের এই সিকোয়েন্সিং ভবিষ্যতে ভ্যাকসিন উৎপাদনে সহায়ক হবে। এবার ডেঙ্গুর ডেনভি-৩ ভ্যারিয়েন্টে মানুষ বেশি আক্রান্ত হচ্ছে। এটা ডেনভি-১,২ এর চেয়ে বেশি ভয়ঙ্কর।
এখন পর্যন্ত সবচেয়ে বেশি মশকবাহিত রোগ হলো ডেঙ্গু। বর্তমানে বিশ্বের প্রায় ৩.৬ বিলিয়ন মানুষ ডেঙ্গু সংক্রমণের ঝুঁকিতে আছে। বিশ্বের একশো’টির বেশি দেশে ডেঙ্গু বিস্তার লাভ করেছে।
বার্তা বাজার/নব