পরীক্ষামূলক ভাবে চাকা ঘুরলো স্বপ্নের মেট্রোরেলের

প্রথমবারের মত দেশে মেট্রোরেলের ভায়াডাক্টের ওপর আনুষ্ঠানিকভাগে চালিয়ে দেখা হলো বিদ্যুৎ চালিত ট্রেন। রোববার (২৯ আগস্ট) উত্তরার দিয়াবাড়ি ডিপোতে মেট্রোরেলের এই পরীক্ষামূলক যাত্রার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

যাত্রার শুরুতে ৬টি বগি নিয়ে ভায়াডাক্টের ওপর দিয়ে উত্তরার দিয়াবাড়ি ডিপো থেকে মিরপুর ১২ নাম্বার স্টেশন পর্যন্ত গিয়ে আবারও ডিপোতে ফেরত আসে ট্রেনটি।

ঢাকা ম্যাস র‍্যাপিড কোম্পানি লিমিটেডের এমডি এন এম সিদ্দিক, বাংলাদেশ জাপান দূতাবাসের প্রতিনিধি, জাইকার বাংলাদেশ অফিস প্রধান ও মেট্রোরেলের পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এওমসয় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, আগামী বছর দেশের তিনটি বড় প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই তিন প্রকল্প হল পদ্মাসেতু, কর্ণফুলী ট্যানেল এবং মেট্রোরেলের লাইন-৬। বর্তমানে ঢাকার উত্তরা দিয়াবাড়ি মেট্রোরেলের ডিপোতে দুই সেটের মোট ১২টি কোচ পৌঁছেছে, যার প্রথম সেটের ছয়টি ২১ এপ্রিল এবং দ্বিতীয় সেটের আরও ছয়টি কোচ ১ জুন ঢাকা পৌঁছায়।

এর আগের গত ১১ মে গণমাধ্যমকর্মীদের সামনে প্রথম এই ট্রেন চালিয়ে দেখানো হয়। ডিএমটিসিএলের অধীনে ঢাকা ও এর আশপাশে মেট্রোরেলের ছয়টি লাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর প্রথমটি লাইন-৬। এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ২২ হাজার কোটি টাকা।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর