কক্সবাজার হবে সিঙ্গাপুর-ব্যাংককের মতো: প্রধানমন্ত্রী

কক্সবাজার দেশের দীর্ঘতম বিমানবন্দর রানওয়ে সম্প্রসারণ কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৯ আগস্ট) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের সর্বশ্রেষ্ঠ সৈকত, পর্যটনকেন্দ্র ও অত্যন্ত আধুনিক শহর হবে কক্সবাজার। সেভাবে পুরো কক্সবাজারকে উন্নত সমৃদ্ধ করবো। কক্সবাজারকে ঘিরে সরকারের পরিকল্পনা রয়েছে। সিঙ্গাপুর, ব্যাংককের আদলে সাজানো হবে কক্সবাজারকে।

তিনি বলেন, কক্সবাজারে বিদেশি পর্যটকদের জন্য স্পেশাল জোন করা হবে। যেখানে কেবল বিদেশিরা আসতে ও যেতে পারবেন। তারা যেন তাদের মতো করে সবকিছু উপভোগ করতে পারে সে ব্যবস্থা করে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

শেখ হাসিনা আরও বলেন, পৃথিবীর সর্ববৃহৎ বালুকাময় সমুদ্রসৈকতে ইকোট্যুরিজমের কাজ চলমান রয়েছে, রেললাইনও আসছে। দিন-রাত আন্তর্জাতিক ফ্লাইট চলবে। এসব দৃশ্যমান হলেই কক্সবাজার বিশ্ব দরবারে অনন্য উচ্চতায় পৌঁছে যাবে।

উল্লেখ‌্য, ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ্য ১০ হাজার ৫০০ ফুট। কক্সবাজারের বিমানবন্দরটির প্রকল্পের কাজ সম্পন্ন হলে নতুন ১০ হাজার ৭০০ ফুট রানওয়ে হবে।

প্রকল্পটি বাস্তবায়ন হলে আন্তর্জাতিক ফ্লাইটের বোয়িং ৭৭৭ ও ৭৪ এর মতো বড় আকারের বিমানগুলো এই বিমানবন্দরে অবতরণ করতে পারবে। এটি হবে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর ও একমাত্র দীর্ঘতম রানওয়ে এবং দক্ষিণ এশিয়ার দ্বিতীয় রানওয়েসমৃদ্ধ বিমানবন্দর। প্রকল্পে ব্যয় হচ্ছে ১ হাজার ৫৬৮ কোটি ৮৬ লাখ টাকা।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর