চন্দ্রিমা উদ্যানে জিয়ার মরদেহ আছে, প্রত্যক্ষদর্শী আমি: ফখরুল

চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মরদেহ দাফন করা হয়েছে যা নিজ চোখে দেখেছেন বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‘চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের মরদেহ নেই’- প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের এমন বক্তব্যের জবাবে এ কথা বলেন মির্জা ফখরুল।

শনিবার (২৮ আগস্ট) রাতে বিএনপির এক ভার্চ্যুয়াল সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, জিয়াউর রহমানের মরদেহ সম্পর্কে, তার বডি এখানে এসেছে কি-না সে সম্পর্কে আওয়ামী লীগ যে কথাগুলো এখন বলেছে, আমি শুধু আজকে তার একটা প্রমাণ তুলে ধরতে চাই যে, চট্টগ্রাম থেকে জিয়াউর রহমানের মরদেহ তোলা হয়, পরে তার পোস্টমর্টেম করা হয়। ডা. তোফায়েল আহমেদ তার পোস্ট পোর্টেম করেছিলেন। তার শরীর থেকে ২২টি বুলেট বের করেছিলেন।

তিনি বলেন, চট্টগ্রামে পোস্টমর্টেম করার পর বিগ্রেডিয়ার আ স ম হান্নান শাহ (প্রয়াত) তার মরদেহকে সামরিক এয়ার ক্রাফটে করে কুর্মিটোলায় নিয়ে এসেছিলেন। যেটা আমরা সবাই স্বচক্ষে দেখেছি। আমার মনে হয় তখন ড. মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন। এসএ বারী এটি (উপ-প্রধানমন্ত্রী) প্রাইভেট সেক্রেটারি হিসেবে আমিও সেখানে উপস্থিত ছিলাম। একটা কাঁচের বাস্কেট ছিল, সেখান থেকে তার দেহ দেখেছি।

ইতিহাসকে বিকৃত করার জন্য আজকে এ ধরনের কথাবার্তা বলা হচ্ছে উল্লেখ করে বিএনপির নেতা বলেন, এ ধরণের কথাবার্তা বলে জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

তিনি বলেন, আমাকে একজন সাংবাদিক বলেছেন, ওবায়দুল কাদের নাকি ছবি দেখাতে বলেছেন। ছবি কেউ কোনোদিন দেখায় না। উনাদের ছবিটাও কী উনারা দেখাতে পারবেন? সত্যি কথা বলতে কী এই সরকার একটা ভণ্ড সরকারে পরিণত হয়েছে, হিপোক্রেট সরকার।

সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল আরও বলেন, এই সরকার যতদিন থাকবে, বাংলাদেশ আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে। ১৯৭১ সালে যেমন জিয়াউর রহমান জনযুদ্ধ শুরু করেছিলেন, সেই রকম জনযুদ্ধের জন্য আমাদেরকে ঐক্য সৃষ্টি করতে হবে, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর