শরীয়তপুরের ডামুড্যায় রাস্তার পাশ থেকে আব্দুল আহাদ সরদার (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ আগস্ট) সকালে উপজেলার ইসলামপুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আব্দুল আহাদ সরদার ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মৃত রশিদ সরদারের ছেলে।
জানা যায়, শনিবার ভোর ৬টার দিকে বাড়ি থেকে ৩ কিলোমিটার দূরে আব্দুল আহাদের মরদেহ একটি দোকানের সামনে পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে নিহতের বাড়ির লোকজন খবর পেয়ে তা উদ্ধার করে নিয়ে যায়।
স্থানীয় মুদি দোকানী আক্কাস বলেন, সকালে দোকান খুলতে এসে দেখি দোকানের সামনে অনেক লোকের ভিড়। সামনে গিয়ে দেখি আহাদ ভাইয়ের নিথর দেহ পড়ে আছে।
নিহত আব্দুল আহাদের স্ত্রী জোসনা বেগম বলেন, আমার স্বামীরে কারা জানি মাইরা হালাইছে, আমার স্বামী রাতে আমার সঙ্গে ঘুমাইয়া ছিল। সে আমারে কিছু বইলা যায় নাই, আমি ঘুমাইয়া ছিলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার স্বামী ঘরে নাই। বাহির থেকে দরজা বন্ধ। এরপর অন্য দরজা দিয়ে বের হয়ে অজু করে নামাজ পড়ি। এরপর কে জানি আমারে খবর দিল, আমি তাড়াতাড়ি গেলাম। গিয়ে দেখি আমার স্বামীর নিথর দেহটি পড়ে আছে, আমি এর বিচার চাই।
ডামুড্যা থানার ওসি শরীফ আহমেদ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের কেউ অভিযোগ না দেওয়ার কারণে এখনো মামলা হয়নি।
বার্তা বাজার/এসজে