কুমিল্লায় পিকআপ ও ট্রেনের ভয়াবহ সংঘর্ষে ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় রোববার সকাল সাড়ে ৮টা পর্যন্ত বন্ধ রয়েছে ট্রেন চলাচল। শনিবার (২৮ আগস্ট) রাত সোয়া ২টার দিকে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। তবে ট্রেনের বগি লাইনচ্যুত হলেও হতাহতের কোনও ঘটনা ঘটেনি।
জানা যায়, শনিবার রাতে সোয়া দুইটায় চট্টগ্রাম মহানগর এক্সপ্রেস ট্রেনটি কিছুটা বিলম্ব করে কুমিল্লা থেকে ছেড়ে যায়। তিন-চার মিনিট পরেই পদুয়া বাজার রেলক্রসিংয়ের পাসে এলে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এসময় ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল।
এ বিষয়ে কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইসমাইল হোসেন সিরাজী জানান, রেলক্রসিং অতিক্রমের সময় বিকল হয়ে যায় সবজি বোঝাই একটি পিকআপ। সেটি ধাক্কা দিয়ে সরানোর সময় চলে আসে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস। দ্রুতগতিতে থাকায় ট্রেন থামাতে ব্যর্থ হয় গেটম্যান। এতে ট্রেনের ধাক্কায় লণ্ডভণ্ড হয় পিকআপ। লাইনচ্যুত হয় মহানগর এক্সপ্রেস। দুর্ঘটনায় তেমন কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কয়েকজন সামান্য আহত হলেও তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে, এখন তারা সুস্থ।
রেলসূত্র জানায়, এ দুঘর্টনার কারণে ঢাকা, সিলেট ও ময়মনসিংহ হতে চট্টগ্রাম অভিমুখী বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে।
কুমিল্লা রেলওয়ে স্টেশনের মাস্টার সফিকুর রহমান ভুঁইয়া জানান, এখনো ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট ও ঢাকা-নোয়াখালীর ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি।