বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করেন সরকারের ব্যর্থতা থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে সরিয়ে নিতেই সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মরদেহ নিয়ে কথা বলা হচ্ছে। এসময় তিনি দাবি করেন, তিনি নিজে সেই মরদেহ দেখেছেন।
শনিবার (২৮ আগস্ট) বিএনপির মহাসচিব এই দাবি করেন।
মির্জা ফখরুল বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মরদেহ সম্পর্কে, তার মরদেহ এখানে এসেছে কি-না সে সম্পর্কে কথাগুলো এখন তারা (আওয়ামী লীগ) বলেছে। আমি শুধু আজকে তার একটা প্রমাণ তুলে ধরতে চাই যে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সেই চট্টগ্রাম থেকে তোলা হয়, তারপরে তার পোস্টমর্টেম করা হয়। ডা. তোফায়েল আহমেদ সাহেব মরদেহের পোস্টমর্টেম করেছিলেন এবং ২২টি বুলেট তার শরীর থেকে বের করে নিয়ে এসেছিলেন।’
‘তারপর ব্রিগেডিয়ার আ স ম হান্নান শাহ (প্রয়াত) জিয়াউর রহমানের মরদেহকে সামরিক এয়ার ক্রাফটে করে কুর্মিটোলায় নিয়ে এসেছিলেন; যেটা আমরা সবাই স্বচক্ষে দেখেছি। আমার মনে হয়, তখন ড. মোশাররফ হোসেন সাহেব উপস্থিত ছিলেন। আমিও এসএ বারী এটি (উপপ্রধানমন্ত্রী) সাহেবের প্রাইভেট সেক্রেটারি হিসেবে সেখানে উপস্থিত ছিলাম। আমরা সেখানে দেখেছি, একটা কাঁচের বাক্স ছিলো, সেখান থেকে আমরা তার মরদেহ দেখেছি’, যোগ করেন মির্জা ফখরুল।
বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির উদ্যোগে ‘২৮ আগস্ট ১৯৭১: জিয়াউর রহমান কর্তৃক রৌমারীতে স্বাধীন বাংলাদেশ সরকারের প্রথম বেসামরিক প্রশাসনের উদ্বোধন’ শীর্ষক এক অনলাইন আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘আজকে এই ধরনের কথাবার্তা বলার একটাই মাত্র উদ্দেশ্য, সেটা হচ্ছে, ইতিহাসকে বিকৃত করে দেওয়া, জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে সরিয়ে দেওয়া। এবং বাংলাদেশকে এই যে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা হচ্ছে সেখান থেকে মানুষের দৃষ্টিকে অন্যদিকে সরিয়ে দেওয়া।’
এ অনলাইন অনুষ্ঠানে বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুস সালামের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও চিলমারী উপজেলার বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার।
বার্তা বাজার/এসবি