চাঁপাইনবাবগঞ্জে ৭ মাসে ডিএনসি’র ২৯৯ মামলা

চলতি বছরের জানুয়ারি মাস হতে জুলাই মাস পর্যন্ত (৭ মাসে) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের মাদকবিরোধী অভিযানে ৩১৭ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে গ্রেফতার করেছে। এ ৭ মাসে ৬৭৬ টি অভিযান চালিয়ে ৩১৭ জনকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

জেলা ডিএনসি সুত্র জানায়, জেলায় মাদকের বিস্তাররোধে এবং মাদকের ভয়াল থাবা যুবকদের রক্ষা করতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫ উপজেলায় জানুয়ারি-জুলাই (৭মাসে) ৬৭৬ টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ৩১৭ জনকে গ্রেফতার করা হয় এবং ২৯৯ টি মামলা দায়ের করা হয়েছে।

এসকল অভিযানে ৩০০ গ্রাম হেরোইন, ২৫১ বোতল ফেন্সিডিল, ২ হাজার ৬৪০ পিস ইয়াবা, ৩২ কেজি ৩১০ গ্রাম গাঁজা, ১ টি গাঁজার গাছ, ১০৬ এ্যাম্পুল বুপ্রেনরফিন ইনজেকশন, ৪৫০ এ্যাম্পুল ডায়াজিপাম ইনজেকশন, ১৯৪ লিটার চোলাইমদ, ৩টি মোটরসাইকেলসহ অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এসময় নগদ ১ লক্ষ ৪০ হাজার ২৭০ টাকাও জব্দ করা হয়।

এবিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)’র চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আনিছুর রহমান বার্তা বাজারকে বলেন, জেলাকে মাদকমুক্ত করতে জেলায় ডিএনসি’র অভিযান অব্যাহত রয়েছে। গত ৭ মাসে জেলা ডিএনসি’র একদল চৌকস তরুন কর্মকর্তা আর কর্মচারীদের সহযোগিতায় ৬৭৬টি অভিযান পরিচালিত হয়।

এসব অভিযানে ৩১৭ জনকে গ্রেফতার করাসহ বিপুল পরিমান বিভিন্ন মাদক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী ও সেবীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

আব্দুস সোবহান তারেক/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর