জামালপুরে প্রাক্তন স্ত্রীকে ছুরিকাঘাত
জামালপুরে প্রাক্তন স্ত্রীকে ছুরি দিয়ে আঘাত করে মারাত্মক জখম করেছে শাহীন আলম নামে এক যুবক। শনিবার (২৮ আগস্ট) বিকাল ৫টায় শহরের তমালতলা এলাকায় প্রকাশ্য দিবালোকে এই ঘটনা ঘটে।
আহত সাবিনা ইয়াসমিনকে মুমর্ষ অবস্থায় ময়মনসিংহ জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়েছে। হামলাকারী শাহীনকে ঘটনাস্থল থেকেই আটক করেছে পুলিশ।
সাবিনা ইয়াসমিনের বান্ধবী সুমি জানান- তিন বছর আগে শাহীন ও সাবিনার বিবাহ বিচ্ছেদ হয়। বেশ কয়েকদিন যাবত শাহীন তাকে উত্ত্যক্ত করে আসছিলো। আজ বিকালে আগের কর্মস্থল থেকে ফেরার সময় শাহীন পেছন থেকে এসে ছুরি দিয়ে এলোপাথারি আঘাত করতে থাকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
জামালপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক জানান- এলোপাথারি ছুরির আঘাতে প্রচুর রক্তক্ষরনের কারনে সাবিনার অবস্থা আশঙ্কাজনক। তাকে ময়মনসিংহে প্রেরন করা হয়েছে।
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান বলেন- শহরের প্রধান ব্যস্ততম এলাকায় প্রকাশ্য দিবালোকে সাবিনাকে আঘাত করা হয়েছে। আঘাতের পরপরই শাহিন আলমকে আটক করেছে পুলিশ। এখন জিজ্ঞাসাবাদের পর সবকিছু জানা যাবে।
উল্লেখ্য, শাহিন আলম ও সাবিনা ইয়াসমিন শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গুরু চরন গ্রামের বাসিন্দা। সাবিনা জামালপুর শহরের মুন নার্সিং হোমে নাসিং বিভাগের শিক্ষার্থী ছিলেন।
আলমগীর হোসেন/বার্তা বাজার/টি