মায়ের কষ্টের স্বীকৃতি শেখ হাসিনাই দিয়েছেন: মাহামুদা বেগম
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহামুদা বেগম কৃক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসেই নারীদের জন্য প্রথম কাজ করেছেন। সন্তানের পরিচয়ে বাবার নামের পাশে মায়ের নাম সংযোজন করেছেন। অর্থাৎ একজন মায়ের কষ্টের স্বীকৃতি তিনি-ই দিয়েছেন।
শনিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয় শোক দিবস উপলক্ষে অসচ্ছল প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি নারীদের উদ্দেশ্য করে আরো বলেন, সশস্ত্র বাহিনী, প্রশাসন, আদালত থেকে শুরু করে বিভিন্ন উচ্চপদে নারীদের স্থান হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলেই। তিনি প্রথম নারী স্পিকার মনোনীত করেন। সংসদের উপনেতাও করেছেন নারীকে। সরকারের পাশাপাশি দলেও নারী নেতৃত্ব বেড়েছে শেখ হাসিনার হাত ধরে।
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষকদের কথা উল্লেখ করে বলেন, খালেদা জিয়ার আমলে সারের জন্য ১৮ জন কৃষককে গুলি করে হত্যা করা হয়েছিল। এখন আর কৃষক ভাইকে সার আনতে গিয়ে গুলি খেতে হয় না। কৃষকরা এখন বিনামূল্যে সার পায়।
বানা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলীম সোজা, মধুখালী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুরাইয়া সালাম, আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম রেজা, বানা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বানা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজ ইসলাম খোকন, বানা ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর কবীর, ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তন্ময় উদ্দৌলা, সাবেক ছাত্রলীগ নেতা মোমিনুর রহমান সবুজ প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্থানের ১৮ জন অসচ্ছল প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
মিয়া রাকিবুল/বার্তা বাজার/টি