মা-ছেলেকে অপহরণ: সিআইডির দুই সদস্য বরখাস্ত
দিনাজপুরে মা-ছেলেকে অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুই সিআইডির সদস্য বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃত রংপুর সিআইডির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. হাসিনুর রহমান ও কনস্টেবল আহসানুল।
বিষয়টি শনিবার (২৮ আগস্ট) দুপুরে নিশ্চিত করেন রংপুর সিআইডির ভারপ্রাপ্ত পুলিশ সুপার আতাউর রহমান। তবে সাময়িক বরখাস্ত সংক্রান্ত কোনো লিখিত আদেশ এখন পর্যন্ত রংপুর সিআইডি কার্যালয়ে পৌঁছায়নি।
তিনি বলেন, মা-ছেলেকে অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় জড়িত থাকার অভিযোগে এএসআই হাসিনুর রহমান ও কনস্টেবল আহসানুল হক ফারুককে সাময়িক বরখাস্ত করা হয়েছে বিষয়টি মৌখিক ভাবে জেনেছি। এটি ঢাকা থেকে নেওয়া সিদ্ধান্ত। এখনও আদেশের লিখিত কোনো কাগজপত্র হাতে পাইনি।
এদিকে দিনাজপুর সিআইডির পুলিশ সুপার পঙ্কজ কুমার রায়কে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা পূরো বিষয়টি তদন্ত করে একটি প্রতিবেদন দেবেন।
গত ২৪ আগস্ট বিকেলে মা-ছেলেকে অপহরণের পর মুক্তিপণ দাবির ঘটনায় দিনাজপুর সদর উপজেলার দশমাইল মোড় এলাকা থেকে সিআইডির তিন সদস্যসহ পাঁচজনকে আটক করে দিনাজপুর জেলা পুলিশ। ২৬ আগস্ট বিকেলে আদালতে নেয়া হলে দিনাজপুর আমলী আদালত-৪ এর বিচারক শিশির কুমার বসু তাদের জামিনের আবেদন নামঞ্জুর করেন।
মামলায় রংপুর সিআইডির এএসপি সারোয়ার কবির সোহাগ, এএসআই হাসিনুর রহমান ও কনস্টেবল আহসানুল হক ফারুক, মাইক্রোবাস চালক হাবিব ও নিমনগর বালুবাড়ী এলাকার এনামুল হকের ছেলে ফসিউল আলম পলাশসহ ৯ জনের নাম রয়েছে। এ ছাড়া অজ্ঞাত তিন থেকে চারজনকে মামলায় আসামি করা হয়েছে। দায়ের করা এ মামলা তদন্তের দায়িত্ব পেয়েছে দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রকি আহমেদ/বার্তা বাজার/টি