মরার পরেও পৃথিবীতে তাদের বিচরণ!

মোফাজ্জল হোসেন ও শিপন মিয়া নামে দুই ব্যক্তি ২০১৫ সালে মারা গেছেন। দিব্যি বেঁচে আছেন তারা। মৃত্যুর বিষয়টি কাগজ কলমে। এই মৃত্যু থেকে বেঁচে থাকার প্রমাণ দিতে চেষ্টা করে যাচ্ছেন তারা। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এ ঘটনাটি ঘটেছে।

জানা যায়, ওই দুই ব্যক্তি বেঁচে থাকার পরও ভোটার তালিকায় তাদের মৃত দেখানো হয়েছে। এর ফলে নানারকম হয়রানির শিকার হচ্ছেন। এতে তাদের সন্তানদের স্কুলে ভর্তি, করোনার টিকা গ্রহণসহ সরকারি সব সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেন তারা।

ভুক্তভোগী মোফাজ্জল হোসেন ও শিপন মিয়া জানান, উপজেলার রাজিবপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের স্বল্পচরপাড়া গ্রামের জসিম উদিনের পুত্র মোফাজ্জল হোসেন ২০১৩ সালে ভোটার হন এবং উচাখিলা ইউনিয়নের মরিচারচর টানপাড়া মলামারী গ্রামের মৃত আবু সাঈদের পুত্র শিপন মিয়া ২০০৮ সালে ভোটার হয়ে তারা জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ড সংগ্রহ করেন।

প্রসঙ্গত, ২০১৫ সালের ভোটার তালিকায় ওই দু’ব্যক্তিকে মৃত দেখানো হয়। এতে তারা কোনো নির্বাচনে ভোট দিতেও পারেননি। এছাড়া সন্তানদের জন্ম নিবন্ধন, বিদ্যালয়ে ভর্তি, ভিজিএফ, ভিজিডি, করোনার টিকাসহ কোনো প্রকার সরকারি সুবিধা তারা পাননি।

ভোটার তালিকায় কর্তনকৃত নাম অন্তর্ভুক্ত করার জন্য উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচন অফিসারকে লিখিত আবেদন করার ৬ মাস পরও এর প্রতিকার পাননি তারা।

এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার মাহাবুবুল হক সাংবাদিকদের জানান, স্থানীয়ভাবে এ বিষয়ে কিছু করার নেই। অভিযোগ পাওয়ার পর কাগজপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়েছে।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর