কেরানীগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন রাজেন্দ্রপুর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতাররা হলেন, মোঃ ফরহাদ হোসেন জোজো (২৮) ও মোঃ আলআমিন (২২)।
শনিবার (২৮ আগস্ট) দুপুরে র্যাব-১০ এর এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ডাকাতির প্রস্তুতিকালে শনিবার রাত আনুমানিক দেড়টা থেকে রাত সোয়া দুইটা পর্যন্ত র্যাব-১০ এর একটি আভিযানিক অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ওই ২ সদস্যকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ২টি ওয়ান শুটার গান, ৩ রাউন্ড গুলি, ১টি ছোরা, ৩টি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত ব্যক্তিরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ দক্ষিণ কেরানীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করে আসছিল।
এছাড়া তারা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময়ে যানবাহন থামিয়ে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করে সেখান থেকে দ্রুত পালিয়ে যেত বলে জানা যায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খুন, অস্ত্র ও মাদকের একাধিক মামলা রয়েছে।
রানা আহমেদ/বার্তা বাজার/এসজে