আফগানিস্তানে আটকেপড়া বাংলাদেশিরা নিরাপদে আছেন: পররাষ্ট্রমন্ত্রী

আফগানিস্তানের রাজধানী কাবুলে আটকে পড়েছেন ১৫ বাংলাদেশি। বৃহস্পতিবার তাদের দেশে ফেরার কথা থাকলেও বিমানবন্দরের বিস্ফোরণের পর তারা সেখানেই আটকে পড়েন।

তবে আফগানিস্তানে আটকে পড়া বাংলাদেশিরা নিরাপদে আছেন বলেই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

শনিবার (২৮ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, কাবুলে আটকে পড়া বাংলাদেশিরা এখন ভয়ে বিমানবন্দরে যেতে পারছে না। তাদের ফিরিয়ে আনতে উজবেকিস্তান মিশন কাজ করছে। এছাড়াও তাদের সঙ্গে আফগানিস্তানের ১৬০ শিক্ষার্থী আটকে পড়েছেন।

তিনি বলেন, আফগানিস্তানে ব্র্যাকের বেশ কিছু লোক রয়েছে। ছয় সপ্তাহ আগেই আমরা ব্র্যাককে সতর্ক করেছিলাম, যেন তারা তাদের দেশে ফিরিয়ে নিয়ে আসে।

উল্লেখ্য, আফগানিস্তানে ১৫ বাংলাদেশির পাশাপাশি ১৬০ আফগান শিক্ষার্থী আটকে পড়েছেন। তারা চট্টগ্রামে অবস্থিত এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেনে পড়াশোনা করেন। তারা ছুটিতে বাড়ি গিয়েছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বোমা হামলায় ১৩ মার্কিন সেনা ও ২৮ তালেবান সদস্যসহ ১৭০ জন নিহত হয়েছেন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর