বিদেশ যেতে হলে খালেদাকে কি করতে হবে জানালেন আইনমন্ত্রী
চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিদেশে যেতে চাইলে কারাগারে গিয়ে নতুন করে আবেদন করতে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
শনিবার (২৮ আগস্ট) রাজধানীর একটি অভিজাত হোটেলে ‘ল’ রিপোর্টার্স ফোরাম ও এমআরডিআই’র যৌথ আয়োজনে এক কর্মশালায় এ কথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা সরকারের ক্ষমতা। এ ধারা অনুযায়ী সরকারের অনুমতি সাপেক্ষে খালেদা জিয়ার বিদেশে যাওয়ার সুযোগ রয়েছে। তবে তাকে আবারও কারাগারে যেতে হবে। এরপর নতুন করে আবেদন করতে হবে।
তিনি বলেন, যে আবেদনের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তি দেওয়া হয়েছে, সেই আলোকে তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়ার কোনো সুযোগ নেই। ওই আবেদন নিষ্পত্তি হয়ে গেছে।
এদিকে আগামী ১৫ সেপ্টেম্বরের আগেই একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিল শুনানিতে বেঞ্চ নির্ধারণের জন্য আবেদন করতে অ্যাটর্নি জেনারেলকে বলা হয়েছে বলেও জানান আইনমন্ত্রী।
বার্তা বাজার/নব