আন্দোলনের ভয়ে সরকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছে: মির্জা ফখরুল

মহামারি করোনাভাইরাস সংক্রমণ কিংবা শিক্ষার্থীদের নিরাপত্তার কারণে নয়, সরকার আন্দোলনের ভয়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৮ আগস্ট) সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে একটি গোষ্ঠী অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্রের প্রস্তুতি নিচ্ছে বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য প্রসঙ্গে এ কথা বলেন ফখরুল।

তিনি বলেন, এজন্য কি তাহলে এতদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছে তারা? অর্থাৎ করোনা কিংবা শিক্ষার্থীদের নিরাপত্তার কারণে নয়, আন্দোলন ঠেকানোর জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছে, তার কথায় এটাই প্রমাণিত।

এ সময় চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের লাশ নেয় বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের জবাবে তিনি বলেন, চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের লাশ দাফন করা হয়েছিল। আর এটা চাঁদের আলোর মতো পরিষ্কার। এর চেয়ে বড় সত্য আর কিছু হতে পারে না। তখন তৎকালীন সেনা অধিনায়ক জেনারেল এরশাদ নিজেই জিয়াউর রহমানের লাশ বহন করেছেন।

তিনি বলেন, জাতিকে বিভ্রান্ত ও জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা চলছে। এ কারণে জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ও সমাধি নিয়ে প্রধানমন্ত্রী মিথ্যাচার করেছেন।

তিনি আরও বলেন, তাদের এসব কথা বলার মানে হচ্ছে তারা কিছু ইস্যু তৈরি করছে। তারা যে রাজনীতিতে দেউলিয়া হয়ে গেছে এটাই সবচেয়ে বড় প্রমাণ। মানুষের দৃষ্টিকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার প্রচেষ্টা মাত্র।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর