‘চন্দ্রিমা উদ্যানেই জিয়ার দাফন, মরদেহ বহন করেছেন এরশাদ’
বিএনপি মহাসচির মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের লাশ দাফন করা হয়েছিল। আর এটা চাঁদের আলোর মতো পরিষ্কার। এর চেয়ে বড় সত্য আর কিছু হতে পারে না। তখন তৎকালীন সেনা অধিনায়ক জেনারেল এরশাদ নিজেই জিয়াউর রহমানের লাশ বহন করেছেন।
চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের লাশ নেয় বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের জবাবে একথা বলেন তিনি।
শনিবার (২৮ আগস্ট) সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
তিনি বলেন, জাতিকে বিভ্রান্ত ও জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা চলছে। এ কারণে জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ও সমাধি নিয়ে প্রধানমন্ত্রী মিথ্যাচার করেছেন।
মির্জা ফখরুল বলেন, তাদের এসব কথা বলার মানে হচ্ছে তারা কিছু ইস্যু তৈরি করছে। তারা যে রাজনীতিতে দেউলিয়া হয়ে গেছে এটাই সবচেয়ে বড় প্রমাণ। মানুষের দৃষ্টিকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার প্রচেষ্টা মাত্র।
তিনি আরও বলেন, কেবল খালেদা জিয়ার বিরুদ্ধে নয়, সারাদেশে বিএনপি নেতাদের বিরুদ্ধে যেসব মিথ্যা মামলা করা হয়েছিল সেই গুলোকে আবার সামনে নিয়ে আসা হচ্ছে। বিএনপিকে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখার নীল নকশা এটি।
দুই বছর পর যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে তা থেকে বিএনপিকে দূরে রাখার ষড়যন্ত্র হিসেবে নেতাকর্মীদের কারাগারে পাঠানো হচ্ছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।
বার্তা বাজার/নব