নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর ইউনিয়নের চলনবিল বিলশা এলাকা থেকে আরজু (৩০) নামের এক মাঝির মরদেহ উদ্ধার করেছে গুরুদাসপুর থানা পুলিশ।
শনিবার (২৮ আগস্ট) সকালে বিলে পরিত্যক্ত অবস্থায় এলাকাবাসী মরদেহটি দেখতে পেলে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের আনন্দনগর গ্রামের কদম আলীর ছেলে নিহত আরজু। তিনি পেশায় নৌকা চালক ছিলেন।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকেলে বিলদহর ঘাট থেকে যাত্রীসহ নৌকা নিয়ে বের হয় আরজু। রাতে বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজ খবর নিতে থাকে।
শুক্রবার (২৭ আগস্ট) দুপুর ২ টার দিকে গুরুদাসপুর উপজেলার হরদমা নামক স্থান থেকে নৌকার সন্ধান পাওয়া যায়। তবে নৌকা চালক কে খুঁজে পাওয়া যায়নি। নৌকায় রক্তের দাগ রয়েছে বলে জানা গেছে।
গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুর রাজ্জাক জানান, খবর পাওয়ার পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। নিহত আরজুর শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।
মেহেদী হাসান তানিম/বার্তা বাজার/এসজে