মহামারী করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে জয়পুরহাটে ছাত্র ইউনিয়নের উদ্যোগে ‘শহীদ রাজু ব্রিগেড’ গঠন করা হয়েছে। এই ব্রিগেডের উদ্যোগে করোনাকালীন সময়ে হটলাইনের মাধ্যমে প্রাথমিক করোনা বিষয়ক পরামর্শ দেওয়া, খাদ্য সহায়তা এবং ফ্রি ভ্যাকসিন নিবন্ধন করে দিবে সংগঠনটি।
শনিবার (২৮ আগস্ট) সকাল ১০টায় জেলা ছাত্র ইউনিয়নের ভার্চুয়াল মিটিংয়ের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সংগঠনটির সাধারণ সম্পাদক তাসরিন সুলতানা। ভার্চুয়াল মিটিংয়ে উপস্থিত ছিলেন, ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি রিফাত আমিন রিয়ন, সহসভাপতি কাজল রানা, সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন, দপ্তর সম্পাদক সামিয়া আক্তার মিমি, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ রিফাত হোসেন, সদস্য রোহান হোসেন প্রমুখ।
ভার্চুয়াল মিটিংয়ের বিষয়ে ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি জানান, করোনার সংক্রমণ প্রতিরোধে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করাতে এবং তাদের সহযোগিতার জন্য শহীদ রাজু ব্রিগেড আমরা চালু করছি। রাজু ব্রিগেডের সমন্বয়ক হয়েছে জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক তাসরিন সুলতানা। এই ব্রিগেডের হটলাইন নম্বরগুলো হচ্ছে ০১৭১৮ ১৮৮৪২১, ০১৯৭৪ ৫০৭১৫৩ ও ০১৯০৯ ৪৭৭৬৯৮।
ছাত্র ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক তাসরিন সুলতানা জানান, গত বছর করোনা ছড়িয়ে পড়ার পর থেকে অসহায়দের বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দিয়েছে ছাত্র ইউনিয়ন, স্যানিটাইজার বিতরণ এবং মাস্ক বিতরণ ও শ্রমজীবী মানুষের জন্য শ্রমজীবী ক্যান্টিন চালু করে দৈনিক গড়ে ১০০ জনকে খাদ্য সহায়তা দিয়েছে ছাত্র ইউনিয়ন। এবারের লকডাউনে শহীদ রাজু ব্রিগেড যে কোনো প্রয়োজনে জনগণের পাশে থাকবে।
জয়পুরহাট জেলা শহরের পাঁচুরচক এলাকায় শনিবার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ফ্রি ভ্যাকসিন নিবন্ধন ও মাস্ক বিতরনের মধ্য দিয়ে শহীদ রাজু ব্রিগেড তাদের কাজ শুরু করবে।
রিফাত আমিন রিয়ন/বার্তা বাজার/এসজে