আফগানিস্তানের নারী স্বাস্থ্যকর্মীদের কাজে ফেরার আহ্বান জানিয়েছে দীর্ঘ ২০ বছর পর দেশটির নিয়ন্ত্রণ দখলে নেওয়া সশস্ত্র গোষ্ঠী তালেবান।
কিছুদিন আগে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছিলেন, নারীদের কর্মক্ষেত্রে ফেরানোর প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় সাময়িকভাবে তাদের ঘরে থাকতে বলা হচ্ছে। যতদিন না নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে ততদিন ঘরে থাকতে বলা হচ্ছে।
তবে এবার নারী স্বাস্থ্যকর্মীদের কাজে ফেরার আহ্বান জানিয়েছে তালেবান। জাবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেন, ইসলামি আমিরাতের জনস্বাস্থ্য মন্ত্রণালয় কেন্দ্র ও প্রদেশের সব নারী কর্মীকে তাদের কর্মক্ষেত্রে নিয়মিত উপস্থিত থাকার পরামর্শ দিচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, নারী কর্মীরা ইসলামি আমিরাতের কাছ থেকে তাদের দায়িত্ব পালনে কোনো বাধার সম্মুখীন হবেন না।
উল্লেখ্য, গত ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার মধ্য দিয়ে আফগানিস্তান দখলে নেয় তালেবান। এরপর থেকে দেশটিতে চরম উত্তেজনা বিরাজ করছে। গত বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে বোমা হামলায় ১৩ মার্কিন সেনা ও ২৮ তালেবান সদস্যসহ ১৭০ জন নিহত হয়েছেন।
বার্তা বাজার/নব