বাবার অজ্ঞাতে পিছুপিছু আসা শিশুকে পিষে মারল পিকআপ
রাজধানীর পল্লবীতে বাবার অজ্ঞাতে পিছুপিছু আসা সায়েম (৩) নামে এক শিশুকে পিষে মেরেছে মুরগী বহনকারী একটি পিকআপ। শনিবার (২৭ আগস্ট) সকালে মিরপুর ১১ নম্বরের আদর্শ নগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে আদর্শনগর এলাকার ২২ তলা গার্মেন্টসের সামনে একটি আড়তে মুরগি নামিয়ে অন্যত্র যাচ্ছিল পিকআপটি। তখন সেখানে মুরগি জবাই করতে বের হয়েছিল সায়েমের বাবা। পিছুপিছু বাবার অজ্ঞাতেই চলে আসে শিশু সায়েম।
১৩ নম্বর গলির পশ্চিম দিকে আসা মাত্রই বেপরোয়া গতিতে আসা পিকআপটি সায়েমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা ধাওয়া দিয়ে পিকআপটি আটক করতে পারলেও চালক ও তার সহযোগী পালিয়ে যায়।
নিহত সায়েমের মা রোজী জানান, সকালে তার স্বামী মুরগি জবাই দিতে রাস্তায় বের হন। ওই সময় সায়েমও তার পিছু নেয়। ছেলে যে তার পিছু নিয়েছে তা জানত না তার বাবা। এর পর কিছু সময় পর দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় শিশুর মৃত্যুর বিষয়টি পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
বার্তা বাজার/এসজে