আমার নাম জড়িয়ে শিল্পী সমিতি মিথ্যাচার করেছে: আলমগীর

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় গ্রেফতার ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনির বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ স্থগিত করা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

পরীমনিকে শিল্পী সমিতির সদস্যপদ স্থগিতের ব্যাপারে সংগঠনটির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেছেন, সিদ্ধান্তটি একার নয়। সমিতির ২১ সদস্য মিলে এ সিদ্ধান্তটি নিয়েছে। যাদের মধ্যে রয়েছেন আলমগীর, ইলিয়াস কাঞ্চন, সোহেল রানার মতো চলচ্চিত্রের জ্যেষ্ঠ শিল্পীরা।

জায়েদ খানের এমন বক্তব্যের বিরোধিতা করেছেন কিংবদন্তি অভিনেতা আলমগীর। তিনি দাবি করেছেন, পরীমনির সদস্যপদ বাতিলের ব্যাপারে তার সঙ্গে কোনো কথায় হয়নি শিল্পী সমিতির।

এ প্রসঙ্গে গণমাধ্যমকে আলমগীর বলেন, পরীমনির সদস্যপদ বাতিলের ব্যাপারে শিল্পী সমিতির বর্তমান কার্যনির্বাহী পরিষদ কিংবা সমিতির কোনো সদস্যই আমার সাথে কথা বলেনি। এ ব্যাপারে আমার কোনো মতামত নেয়া হয়নি।

তিনি বলেন, অবশ্য এ বিষয়ে আমার সঙ্গে কথা বলার কোনো কারণও নেই। আমি সমিতির বড় কোনো পদের নই, সাধারণ একজন সদস্য মাত্র। কিন্তু এরপরও কেন আমার নাম জড়ানো হলো সেটা আমার বোধগম্য নয়।

কিংবদন্তি এই অভিনেতা আরও বলেন, যদি শিল্পী সমিতির কোনো কর্মকর্তা আমার নাম বলে থাকেন তাহলে সেটা অন্যায়, চরম মিথ্যাচার। ভবিষ্যতে এমন সমালোচিত ইস্যুতে দয়া করে আমার নাম ব্যবহার করা থেকে বিরত থাকবেন। আমাকে বা আমার নাম জড়িয়ে মিথ্যা, অসত্য ও বিব্রতকর তথ্য গণমাধ্যমের কাছে প্রকাশ করবেন না।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর