৯ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বর্ষণে দেশের বিভিন্ন নদ-নদীর পানি বাড়ছে। আগামী ২৪ ঘণ্টায় ৯ জেলার বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।

শুক্রবার (২৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, শরিয়তপুর ও চাঁদপুর জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।

এতে বলা হয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় যমুনা নদীর পানি বাহাদুরাবাদ, ফুলছড়ি এবং মথুরায় বিপৎসীমা অতিক্রম করতে পারে। ব্রহ্মপুত্র ও যমুনাসহ বিভিন্ন নদ-নদীর পানি সমতলে বাড়ছে, আগামী ৪৮ ঘণ্টায় এটা অব্যাহত থাকতে পারে।

অন্যদিকে গঙ্গা নদীর পানি সমতলে কমছে, যা আগামী ৪৮ ঘণ্টায় অব্যাহত থাকতে পারে। তবে পদ্মা নদীর পানি সমতলে স্থিতিশীল আছে, আগামী ২৪ ঘণ্টায় এটা বৃদ্ধি পেতে পারে। আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি সমতলে স্থিতিশীল থাকতে পারে এবং বিপৎসীমার কাছাকাছি অবস্থান করতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের আটটি নদীর পানি ১২টি পয়েন্টে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর