ফেনীতে সোনার বার ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলেও এখন পর্যন্ত মুখ খোলননি জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বরখাস্তকৃত ওসি সাইফুল ইসলামসহ ৬ পুলিশ সদস্য। পাশাপাশি ঘটনার ২০ দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত বাকি ৫টি বার উদ্ধার করা সম্ভব হয়নি।
শুক্রবার (২৭ আগস্ট) সোনার বার উদ্ধার, লুট ও ডাকাতির ঘটনায় তৃতীয় বারের মত রিমান্ড শেষে ফেনির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে আসামিদের তোলা হয়। আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এদিকে এই মামলার তদন্ত কর্মকর্তা শাহ আলম জানান, ব্যাপক জিজ্ঞাসাবাদেও মুখ খোলেননি বরখাস্তকৃত ওসি সাইফুলসহ বাকিরা। তাই তৃতীয় দফা রিমান্ড শেষে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তবে পুলিশের একটি সূত্র জানায়, আটক আসামিরা রিমান্ডে ছিলেন জামাই আদরে। তাই এবারও কোনো তথ্য মেলেনি। একই সঙ্গে পাঁচটি বারও উদ্ধার হবে না।
এর আগে মঙ্গলবার ফেনী কারাগার থেকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য পিবিআই কার্যালয়ে নেওয়া হয় সাইফুল ইসলামকে।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মো. শাহ আলম জানিয়েছেন, পাঁচটি স্বর্ণের বার উদ্ধার, ডাকাতি ও লুটের বিষয়ে মামলার প্রধান আসামি ডিবির ওসি সাইফুল ইসলামকে রিমান্ডে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এসব বিষয়ে রিমান্ডে তিনি ক্লিয়ার কোনো তথ্য দেননি। চলমান রিমান্ডে ক্লিয়ারভাবে কোনো তথ্য না দিলে তদন্তের স্বার্থে তার আবারও রিমান্ড আবেদন করা হবে।
বার্তা বাজার/এসজে