বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের পাইলট অসুস্থ হয়ে পড়ায় সেটি ভারতের নাগপুরে জরুরি অবতরণ করেছিল। অবশেষে শুক্রবার (২৭ আগস্ট) দিনগত রাত ১২টা ৫০ মিনিটে সেটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।
তবে বিমানটির পাইলট অসুস্থ থাকায় আসতে পারেননি। তিনি নাগপুরেই চিকিৎসাধীন আছেন।
শুক্রবার সকালে ঢাকা-মাস্কাট রুটে বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের শিডিউল ফ্লাইট বিজি ০২২ এর ১২৪ জন যাত্রী নিয়ে ঢাকায় আসার পথে ভারতের নাগপুরে ফ্লাইটটি জরুরি অবতরণ করে। সকাল ১০টা ৪০ মিনিটে নাগপুরের ড. বাবা সাহেব আম্বেদকার আন্তর্জাতিক বিমানবন্দরে সেটি অবতরণ করে।
অবতরণকালে ফ্লাইটে থাকা সকল যাত্রী নিরাপদে ছিলেন। বিমানবন্দরের লাউঞ্জে তাদের জন্য খাবার ও বিশ্রামের ব্যবস্থা করা হলে সেখানেই তারা অবস্থান করেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, ভারতের রায়পুরের আকাশে থাকার সময় বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজটির ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউম অসুস্থ বোধ করেন। এসময় জরুরি অবতরণের জন্য কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) সাথে যোগাযোগ করা হলে তারা নিকটতম নাগপুর এয়ারপোর্টে অবতরণ করার পরামর্শ দেয়।অবতরণের পরে পাইলটকে হোপ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।
এছাড়া শুক্রবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বিমানের শিডিউল ফ্লাইটের মাধ্যমে ৮ সদস্যের একটি উদ্ধারকারী দল নাগপুরে যায়। সেখান থেকে রাতেই যাত্রীসহ ফ্লাইটটি ঢাকায় ফেরত আসে।
এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি আবু সালেহ মোস্তফা কামাল জানান, ফ্লাইটটি জরুরি অবতরণের পর পাইলট নওশাদকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন। উড়োজাহাজের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। যাত্রীরা সবাই নিরাপদে আছেন। যাত্রীদেরকে উড়োজাহাজ থেকে নামিয়ে টার্মিনালের লাউঞ্জে নেওয়া হয়েছিল।
বার্তা বাজার/এসজে