আফগানিস্তানে জঙ্গি গোষ্ঠি আইএস-এর (ইসলামিক স্টেট) ওপর ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৭ আগস্ট) কাবুলের পূর্বাঞ্চলীয় নানগরহর প্রদেশের একটি স্থানে এই হামলার ঘটনা ঘটে।
রাজধানী কাবুলের বিমানবন্দরে হামলার একদিন পরেই আমেরিকা পাল্টা এই হামলা চালিয়েছে বলে রয়টার্সের এক খবরে বলা হয়।
ত্যাদের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে- প্রাথমিকভাবে পাওয়া তথ্য বলছে, যাকে লক্ষ্য করে হামলা করা হয়েছে, তাকে হত্যা করা সম্ভব হয়েছে। তবে কোনও সাধারণ নাগরিকের মৃত্যুর তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বৃহস্পতিবার কাবুলের হামিক কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বোমা হামলায় ১৩ মার্কিন সেনাসহ নিহত হয় ১৭৫ জন মানুষ। আহতের সংখ্যাও প্রচুর।
এরপর আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এ হামলার নেপথ্যের লোকজনকে খুঁজে বের করে শাস্তি দেওয়ার প্রতিজ্ঞা ব্যক্ত করেন। বাইডেন বলেন, পেন্টাগনকে হামলাকারীদের লক্ষ্য করে অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন তিনি।
বার্তা বাজার/এসজে