দেশ ছেড়ে পালালেন আফগান মেয়র জারিফা

তালেবানের হাতে কাবুল পতনের আত্মগোপনে ছিলেন আফগানিস্তানের প্রথম নারী মেয়রদের একজন জারিফা গফুরি। সম্প্রতি তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। শুক্রবার (২৭ আগস্ট) বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিবিসির এক সাক্ষাৎকারে জারিফা জানান, তালেবানেরা কাবুল দখলের পর থেকেই বুঝতে পারেন চরম বিপদে পড়েছেন তিনি। কয়েকদিন পর তিনি পরিবারের সদস্যদের সঙ্গে জার্মানি চলে যান। দেশ ছাড়তে তাকে নাটকীয়তার আশ্রয় নিতে হয় বলেও জানান তিনি।

২৯ বছর বয়সী জারিফা নারী অধিকার নিয়ে কাজ করে অল্প দিনেই সবার নজর কেড়ে নেন।

জারিফা সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমার বিশ্বাস, তালেবানরা আমাকে হুমকি মনে করে। কারণ তারা নারীদের অধিকার থেকে বঞ্চিত করে, বাধ্যবাধকতা তৈরি করে। আমি অনিয়মের বিরুদ্ধে, সহিংসতার বিরুদ্ধে সোচ্চার ছিলাম। তারা জানে আমার মুখের আওয়াজ তাদের বন্দুকের চেয়েও শক্তিশালী।’

গত ১৮ আগস্ট একটি প্রাইভেটকারে নিয়ে মেয়র জারিফা ও তার পরিবারের সদস্যরা পালিয়ে যান। পালিয়ে তারা কাবুলে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে তালেবানের তল্লাশি চৌকি পার হওয়ার সময় মুখ ঢেকে রাখেন।

মেয়র জারিফা বলেন, ‘যখন আমি বিমানবন্দর গেটে পৌঁছাই আশপাশে তালেবান সদস্যরা ছিল। খুব কষ্ট করে তাদের থেকে নিজেকে আড়াল করতে পেরেছিলাম। এরপর তুরস্ক দূতাবাসের কর্মীরা তাকে সহায়তা করেন বিমানে পৌঁছাতে। পরে প্রথমে তিনি ইস্তানবুলে যান। পরে সেখান থেকে জার্মানিতে তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগ দেন।’

উল্লেখ্য, ২০১৮ সালে আফগানিস্তানের মাইদান ওয়ারদক প্রদেশের রাজধানী মাইদান শহরের মেয়র নির্বাচিত হন তিনি। তার বাবা ছিলেন আফগান সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা, যিনি গত বছর যুদ্ধে নিহত হন

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর