বাংলাদেশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী ফ্লাইট ওমানের মাস্কাট থেকে ঢাকায় ফিরছিল। ঢাকায় ফেরার পথে যান্ত্রিক ত্রুটির কারণে ভারতের নাগপুরে জরুরিভিত্তিতে বিমান অবতরণ করেছে।
শুক্রবার (২৭ আগস্ট) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২২ ফ্লাইটটি মাস্কাট থেকে ঢাকায় রওয়া হয়েছিল। তবে মাঝপথে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ কারণে ফ্লাইটটি ঘুরে নাগপুরে অবতরণ করে। এ তথ্য নিশ্চিত করেছে বিমান সূত্র।
তারা জানায়, বৃহস্পতিবার বিমানের ফ্লাইটটি ওমান যায়। সেখান থেকে স্থানীয় সময় মধ্যরাত ২টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসার কথা ছিল ফ্লাইটটির। কিন্তু ফ্লাইটটি ভোর সাড়ে ৬টায় ঢাকার উদ্দেশে রওনা দেয়।
তবে ভারতের স্থানীয় সময় শুক্রবার বেলা সাড়ে ১১টায় ফ্লাইটটি ঢাকার দিকে না এসে নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বর্তমানে বিমানের যাত্রীরা নাগপুর বিমানবন্দরে অপেক্ষা করছেন।
জানা গেছে, বিমানটি পুশ ব্যাক করার সময় ইঞ্জিনে কিছু ত্রুটি ধরা পড়ে। তবে ফ্লাইটে কতজন যাত্রী ছিল তা নিশ্চিত হওয়া যায়নি, সবাই অক্ষত ও নিরাপদ আছেন।
বার্তা বাজার/নব