নওগাঁর ধামইরহাটে ত্রিশ পিচ টাপেনটাডল ট্যাবলেটসহ মো. হারুন অর রশিদ (৩৮) এবং মো. ফিরোজ হোসেন (৪০) নামের দু’জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার (২৭ আগস্ট) সকাল ১১টায় উপজেলার চকবদন নামক এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত আসামীরা উপজেলার লক্ষিতাড়া এলাকার পিতা মো. ফয়জুল হক এবং একই এলাকার মো. সাহাদত হোসেনের ছেলে।
জানা গেছে, ওইদিন সকালে ধামইরহাট থানার এসআই মাসুদ রানা এবং এএসআই মাসুদ রানা ডিউটি চলাকালিন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন উপজেলার বড়থা বাজার থেকে মোটরসাইকেল যোগে মাদক বহন করে আমাইতাড়া বাজারের উদ্দেশ্যে আসছিল। খবর পেয়ে চকবদন সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাকা রাস্তায় তাদেরকে আটক করা হয়।
এসময় তল্লাশী চালিয়ে তাদের দু’জনের লুঙ্গির কোমরে থাকা মোট ত্রিশ পিচ টাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় একটি লাল-কালো রঙের ১২৫ সিসি বাজাজ রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।
ধামইরহাট থানার ওসি আবদুল মমিন জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের মাধ্যমে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
রেজুয়ান আলম/বার্তা বাজার/এসজে