রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মরদেহ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, চন্দ্রিমা উদ্যানে জিয়ার মরদেহ নেই। যদি থাকে তাহলে আমি সে ছবি দেখতে চাই। পারলে জাতির সামনে জিয়ার মরদেহের ছবি তুলে ধরুক বিএনপি।
শুক্রবার (২৭ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত শোক দিবসের অনুষ্ঠানে এ মন্তব্য করেন ওবায়দুল কাদের।
এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে তিনি বলেন, আমি প্রতিদিন যেসব চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় এসব প্রশ্নের উত্তর দেন না তিনি।
তিনি বলেন, ১৫ আগস্টের পরে তারা বঙ্গবন্ধুর খুনিদের বিদেশে দূতাবাসে চাকরি দিয়েছেন, তাদের পুরস্কৃত করেছেন। মির্জা ফখরুল এসবের উত্তর দিতে পারবেন? তিনি এসবের উত্তর দিতে পারবেন না।
আওয়ামী লীগের এই নেতা বলেন, ১৫ আগস্ট এলেই বিএনপির গাত্রদাহ শুরু হয়। কারণ হত্যাকাণ্ডের পর রিপোর্ট করতে মেজর ডালিম জিয়াউর রহমানের কাছে গিয়েছিলেন। আর জিয়া বলেছিলেন ওয়েল ডান, গ্রেট জব। জিয়া কেনো সেদিন এসব করেছিলেন সেটার উত্তর বিএনপি দিতে পারে নাই।
বিএনপি এসবের উত্তর দিতে গেলে অস্থিরতায় ভোগে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
বার্তা বাজার/নব