ব্রাহ্মণবাড়িয়ায় নারীর মাথা ন্যাড়ার ঘটনায় গ্রেফতার ৪

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ‘পরকীয়ার’ অভিযোগে এক নারীর মাথা ন্যাড়া করে নির্যাতনের ঘটনায় পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীরা হলেন জাহের আলী ছেলে মেরাজুল (২৪), মেরাজুলের স্ত্রী তানজিনা আক্তার, ফেরদৌসা আক্তার ও রাশিদা বেগম।

শুক্রবার (২৭ আগস্ট) সকালে ভোক্তভোগী নারী সরাইল থানায় ৬ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ভুক্তভোগীর স্বামী মারা যাওয়ার পর উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের মেরাজুলের (৩৫) সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন ওই নারী। বিষয়টি মেরাজুলের স্ত্রী তানজিনা আক্তার জানতে পারেন এবং এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় সময় ঝগড়া হতো।

গত ২২ জুলাই ওই নারীকে মোবাইল ফোনে তার বাবার বাড়ি আসতে বলেন তানজিনা আক্তার। পরে সেখানে গেলে তানজিনা ও তার বোন রাশিদাসহ আরও কয়েকজন মিলে ওই নারীকে মারধর করেন এবং ব্লেড দিয়ে মাথা ন্যাড়া করে দেন। এ সময় ঘটনাটি তারা ভিডিও করে রাখেন। বৃহস্পতিবার (২৬ আগস্ট) ফেসবুকে সেই ভিডিও ছেড়ে দেয়া হয়। ভিডিওটি মুহূর্তের মধ্যে ফেসবুকে ভাইরাল হয়ে যায়।

সরাইল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিছুর রহমান জানান, ঘটনাটি জানতে পেরে অভিযান শুরু করে পুলিশ। এ ঘটনায় এ পুলিশ ৪ জনকে আটক করেছে। ভোক্তভোগী নারী ৬ জনকে আসামী করে থানায় অভিযোগ দায়ের করেছে।

সন্তোষ চন্দ্র সূত্রধর/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর