প্রথমবারের মতো রাজধানীর উত্তরা থেকে মিরপুর পর্যন্ত চললো স্বপ্নের মেট্রোরেল। ৬টি বগি নিয়ে পরীক্ষামূলক চলল মেট্রোরেল। এতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নগরবাসী।
শুক্রবার (২৭ আগস্ট) সকালে উত্তরার দিয়াবাড়ি থেকে মিরপুর পল্লবী স্টেশন পর্যন্ত আসে ট্রেনটি। মেট্রোরেল চলাচলে কোনো সমস্যা হয়নি।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানায়, ডিপো থেকে শুরু করে যেসব স্টেশনের কাজ শেষ হয়েছে তাদের মধ্যে ট্রেনটি আগামী রোববার (২৯ আগস্ট) আবার পরিচালনা করা হবে।
তবে ঠিক কোন পর্যন্ত ট্রেনটি পরিচালনা করা হবে সে ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মেট্রো রেলের লাইনে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। এসব পরীক্ষা-নিরীক্ষা শেষে কতটুকু লাইনে ট্রেন পরিচালনা করা হবে সে ব্যাপারে রোববার সকালে সিদ্ধান্ত নেয়া হবে।
এদিকে ঢাকায় মেট্রোরেল চলাচল দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নগরবাসী। দীর্ঘদিন ধরে তারা এ দৃশ্য দেখার অপেক্ষায় ছিলেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
বার্তা বাজার/নব