জয়পুরহাটে তালেবান পরিচয়ে বিচারককে হুমকি দিয়ে চিঠি

প্রেরিত চিঠির খাম। ছবি- বার্তা বাজার

জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রুস্তম আলীকে ‘তালেবান গোষ্ঠীর বীর যোদ্ধা’ পরিচয় দিয়ে ডাকযোগে পাঠানো একটি চিঠিতে প্রচ্ছন্ন হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকালে বিচারক রুস্তম আলী বিষয়টি পুলিশ সুপারকে অবহিত করেন।

এরপর পরই পুলিশের পক্ষে থেকে বিচারকদের নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে বলে জানানো হয় পুলিশের পক্ষ থেকে ।

জয়পুরহাট পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা জানান, তালেবান গোষ্ঠীর বীর যোদ্ধা পরিচয়ে বিচারক রুস্তম আলীর কাছে পাঠানো চিঠির খামে প্রেরকের ঠিকানায় মো. আশরাফ আলি, দুর্গাদহ, ভাদশা, সদর, জয়পুরহাট লেখা রয়েছে। চিঠির নিবেদকে লেখা রয়েছে তালেবান গোষ্ঠীর বীরযোদ্ধারা, দোগাছী ইউনিয়ন ও ভাদসা ইউনিয়নসহ পাঁচ উপজেলার তালেবান।

পুলিশ সুপার আরো জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিচারকের কাছে এই চিঠিটি আসে। আর তিনি বিষয়টি বিকালেই আমাকে অবগত করেন। এই চিঠিতে তাকে হুমকি দেওয়া হয়েছে।

তিনি বলেন, আমরা মনে করি না যে এটা তালেবানের কাজ। এটি হতে পারে কোনো কুচক্রী মহল স্বার্থসিদ্ধি ও আতঙ্ক সৃষ্টির জন্য এমন কাজ করতে পারে।

এ বিষয়ে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল জানান, আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রুস্তম আলীকে তালেবান গোষ্ঠীর বীর যোদ্ধা পরিচয়ে ডাকযোগে একটি চিঠি পাঠিয়েছে। এতে বিচারক রুস্তম আলীকে হুমকিও দেওয়া হয়েছে।

বঙ্গবন্ধুর এই বাংলাদেশ তালেবানের স্থান হতে পারে না উল্লেখ করে যারা তালেবান নামধারী গোষ্ঠী পরিচয়ে বিচারককে হুমকি দিয়েছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবিও জানিয়েছেন তিনি।

মিলন রায়হান/বার্তা বাজার/এসজে

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *