মিরপুরে গ্যাসলাইনে বিস্ফোরণ: নিহত ৩

রাজধানীর মিরপুর-১১ নম্বর এলাকার সি ব্লকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৭ জনের মধ্যে ৩ জন মারা গেছেন। তারা সবাই রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটিটে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার (২৬ আগস্ট) দিনগত রাতে তারা মারা যান।

শুক্রবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তৈয়ব আল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি বলেন, আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মোট তিন জন মারা গেছেন। বৃহস্পতিবার রাতে প্রথমে রিনা আক্তার (৫০) মারা যান। এরপর রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় সুমন (৪০) ও শফিকুল ইসলাম (৩৫) জন মারা যান। সফিকুল ইসলামের শরীরে ৮৫ শতাংশ ও সুমনের শরীরে ৪৫ শতাংশ পোড়া ছিল। বাকিদের অবস্থা আশংকাজনক।

তিনি আরও বলেন, বর্তমানে শিশুসহ ৩ জন ফিমেল এইডিইউতে চিকিৎসাধীন আছেন। অপর একজন আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন।

প্রসঙ্গত, বুধবার (২৫ আগস্ট) দিনগত রাতে ১টার দিকে মিরপুর ১১ নম্বরের সি ব্লকের ৬ তলা ভবনের নিচতলায় গ্যাস লাইন মেরামত করা হচ্ছিল। তখন আগুন জ্বালিয়ে চুলা পরীক্ষা করতে গেলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

ভবনটির মালিক রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় দগ্ধরা হলেন- নওশীন (৫), শফিক (৩৫), সুমন ( ৪০), রওশন-আরা (৭০), রিনা (৫০), নাজনীন (২৫) ও রেনু (৩৫)।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর